কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহলদল যৌথভাবে আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়।
রাত সাড়ে ৯টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে বিজিবি সদস্যরা ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন। এ সময় তাঁদের চ্যালেঞ্জ করা হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা হাতে থাকা পাঁচটি বস্তা ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তার ভেতর থেকে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা ইয়াবাগুলো খাকি রঙের প্যাকেটে এবং নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ছিল।
পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে বিজিবি সদস্যরা এলাকায় আরও অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।