দেশে হাম ও ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে দেখা দিলেও পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ২২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বিশেষ ওরাল কলেরা টিকাদান কর্মসূচিতে দেশের প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষ টিকা পাবেন।
তিনি বলেন, প্রথম পর্যায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ মোট ১৪টি উপজেলার মানুষকে এই টিকা দেওয়া হবে।
পরবর্তীতে দেশের সব জেলা ও উপজেলার এক বছরের বেশি বয়সী মানুষকে এই ওরাল কলেরা টিকা দেওয়া হবে। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির আওতায় থাকবেন না।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি মাঠপর্যায়ে জোরদার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাম পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদী।
এদিকে প্রথম ডোজ দেওয়ার পর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে কলেরা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।