চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হন।
দুই নেতা রাজনৈতিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বলেন, বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমশক্তি পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া জাতিসংঘের অধীনে ‘ওয়াটার ডিপ্লোম্যাসি’ বা পানি কূটনীতি বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার জন্য কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগে বাংলাদেশের সমর্থনের কথা জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।