কুয়েত সরকারের প্রতি সংহতি ও ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে ২৪০ টন খাদ্যসামগ্রী উপহার পাঠিয়েছে বাংলাদেশ।
শনিবার (২৪ মে) কুয়েত সফররত প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ-এর কাছে আনুষ্ঠানিকভাবে এ খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে এ ধরনের মানবিক সহায়তা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, খাদ্য নিরাপত্তা এবং বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। দুই দেশ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে।