অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের পুনর্বাসনে তিন মাসের বিশেষ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জিআর ক্যাশ ও জিআর চাল দেওয়া হবে। কোনো কোনো জেলায় ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।
মহাপরিচালক জানান, প্রধানমন্ত্রী বৃষ্টির শুরু থেকেই সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণাসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরিস্থিতির খোঁজ রাখছেন।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের বাস্তব অবস্থা দেখতে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন। তালিকা অনুযায়ী দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পরিদর্শনকালে কলমাকান্দা উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়।
এর আগে তিনি চিকন মাটিয়া, তেলেঙ্গা, মেদি বিল, দমদমা খাল ও গোড়াডোবা হাওর এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।