দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, সরকার আশা করছে আগামী কয়েক দিনের মধ্যেই টিকাদানের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
হামজনিত শিশুমৃত্যুর বিষয়ে তিনি বলেন, শিশুদের টিকা কেন সময়মতো দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে এবং তদন্তের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, টিকাদান কার্যক্রম জোরদার করতে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে এসেছে।
এছাড়া যক্ষ্মা শনাক্তে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্ট্রিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে।
সরকারের লক্ষ্য, দ্রুততম সময়ের মধ্যে বাকি শিশুদের টিকার আওতায় এনে হাম-রুবেলা প্রতিরোধে কার্যকর সুরক্ষা নিশ্চিত করা।