ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি গাজায় ইসরায়েলের অভিযান নিয়ে স্পেনের অবস্থান তুলে ধরেন।
সানচেজ বলেন, গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যে কর্মকাণ্ড চালাচ্ছে, স্পেন তার দ্ব্যর্থহীন নিন্দা জানায়। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান দেখানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, গত আট বছর ধরে ইউক্রেন, লেবানন ও ইরানসহ বিভিন্ন স্থানে সংঘাত ও আগ্রাসনের বিরুদ্ধে স্পেন অবস্থান নিয়েছে।
তিনি বলেন, স্পেন সামরিক ব্যয় বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে। জাতিসংঘ সনদের পরিপন্থি যেকোনো আগ্রাসন ঠেকাতে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে।
সানচেজ আরও বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো আগ্রাসনে স্পেনের ভূখণ্ড ব্যবহার বন্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, গাজায় নেতানিয়াহুর সরকার যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে স্পেনের অবস্থান স্পষ্ট। গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে এর দ্ব্যর্থহীন নিন্দা জানান তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি