দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে আগেভাগেই সাইবার নজরদারি জোরদার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। পুরোনো ছবি ও ভিডিও নতুন ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক কোনো পোস্ট, ভিডিও বা তথ্য নজরে এলে তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে। গুজব ছড়ানোর আগেই উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে—এমন কোনো অপতৎপরতা বা উসকানিমূলক প্রচারণার বিরুদ্ধেও কঠোর অবস্থানে থাকবে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে যাচাই না করে কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।