জামায়াত রাজনৈতিক স্বার্থে বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, দেশের জনস্বার্থ, জাতীয়তাবাদী আন্দোলন এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের জন্য গড়ে ওঠা প্রতিটি আন্দোলনেরই বিরোধিতা করেছে জামায়াত। জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণে দলটি কখনো জনগণের চূড়ান্ত আস্থা অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে রিজভী অভিযোগ করেন, এসব ঘটনায় পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধী দলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী।
অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিরোধী দলের কর্মসূচি কোনো ধরনের বাধার মুখে না পড়াই প্রমাণ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে।