জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা। গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও ফিলিস্তিন নীতির প্রতিবাদে এই ওয়াকআউটের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নেতানিয়াহু অধিবেশন কক্ষে প্রবেশ করে পোডিয়ামে ওঠার পরপরই একের পর এক প্রতিনিধি দল বেরিয়ে যেতে শুরু করে। কিছু প্রতিনিধি তার বক্তব্য শুরুর আগেই কক্ষ ত্যাগ করেন। ফলে বক্তব্যের সময় অধিবেশন কক্ষের বড় একটি অংশের আসন খালি পড়ে থাকতে দেখা যায়।
এ সময় অধিবেশন কক্ষে নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করে দুয়োধ্বনি ও প্রতিবাদ শোনা যায়। অন্যদিকে ইসরাইলি প্রতিনিধিদলের সদস্যরা দাঁড়িয়ে নেতানিয়াহুকে করতালি দিয়ে সমর্থন জানান।
প্রতিনিধিদের ওয়াকআউটের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু তাদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, যারা এখনো কক্ষে রয়েছেন, তাদের মধ্যে কেউ একই অবস্থান ধারণ করলে তারাও যেন কক্ষ ছেড়ে যান।
বক্তব্যে নেতানিয়াহু গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলের অবস্থানের পক্ষে সাফাই দেন এবং ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক পদক্ষেপেরও সমর্থনে বক্তব্য দেন।