আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আশায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন দফা আলোচনার ঘোষণা দেওয়ার পরই তেলের দাম ৬ শতাংশের বেশি কমে যায়। বাজার বিশ্লেষকদের মতে, নতুন কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত সরবরাহ-সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমিয়েছে।
সোমবার ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার ঘোষণা দেন ট্রাম্প। এর আগে সম্ভাব্য সমঝোতার সুযোগ তৈরি করতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলাও স্থগিত রাখার কথা জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৪১ ডলারে নেমে আসে। ট্রাম্পের ঘোষণার পরপরই বাজারে বিক্রির চাপ বেড়ে যায়।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের লক্ষ্যেই আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে। এ কারণে সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে।
এদিকে বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স বেড়েছে ০ দশমিক ৪ শতাংশ। নাসডাক ফিউচার্স বেড়েছে ০ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে জাপানের নিক্কেই সূচক ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩ দশমিক ৬ শতাংশ কমেছে।