ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষ্ণপুর গুচ্ছগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজাতুল কুবরা ফারিহা।
মোবাইল কোর্টে দুই নারী মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে একজন যুবককে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উদ্ধার হওয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উপস্থিত সবার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা।
জেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান বজায় থাকবে।