ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ ১২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতোয়ালী সার্কেল অভিযান চালিয়ে আটজনকে ৮০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন।
অপরদিকে, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেলের পরিদর্শক মোশাররফ হোসেনের নেতৃত্বে খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে মোসা. রূপাকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
একই টিম সবুজবাগ থানার বাসাবো কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে মো. লিটনকে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করে।
পরে মুগদা থানার দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন ও মো. আনোয়ার হোসেনকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।