প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার সিলেটের একটি হোটেলে ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিলেটের উন্নয়ন, বিনিয়োগ, রেমিট্যান্স প্রবাহ এবং আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে প্রবাসী সম্প্রদায় দীর্ঘদিন ধরে বড় ভূমিকা রেখে আসছে। প্রবাসীদের কল্যাণে সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের জন্য আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। জমির সংকট বিবেচনায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে আধুনিক অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রস্তাবিত আবাসন প্রকল্পে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন। সিলেট থেকেই প্রবাসীদের জন্য এই আধুনিক অ্যাপার্টমেন্ট প্রকল্প শুরু হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে মাতৃভূমির সঙ্গে সম্পৃক্ত রাখা জরুরি। তারা দেশে এলে পারিবারিক বন্ধন আরও শক্ত হবে, পাশাপাশি বিনিয়োগের আগ্রহও বাড়বে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সেবা উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রবাসীদের সুবিধার জন্য বিমানবন্দরে আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে। ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা দিতে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স রাখা হবে। এছাড়া বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে।
সেমিনারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।