চিকিৎসাশাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে আজ সোমবার শুরু হচ্ছে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। ছয়টি বিভাগে ছয় দিন ধরে পর্যায়ক্রমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারজয়ীর নাম।
সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে।
সূচি অনুযায়ী, মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়নবিদ্যা, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। তিনি ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল। এগুলো হলো—পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা তার উইলে ছিল না।
১৯৬৮ সালে দ্য ব্যাংক অব সুইডেনের উদ্যোগে অর্থনীতিতে পুরস্কার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছর থেকে অর্থনীতিতে এ পুরস্কার দেওয়া শুরু হয়। নোবেলের অন্যান্য পুরস্কারের মতো এটিও একই সময়ে ঘোষণা ও প্রদান করা হয়। অর্থনীতির পুরস্কারটিকে অনেক সময় ‘বিকল্প নোবেল পুরস্কার’ বলা হয়।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে পৃথক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতি বিভাগে বিজয়ী পাবেন ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনার, একটি মানপত্র ও একটি স্বর্ণপদক। কোনো বিভাগে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান বিজয়ী হলে পুরস্কারের অর্থ তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।