পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
রবিবার নগর ভবনে ডিএসসিসির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আবদুস সালাম বলেন, দল এখন ক্ষমতায় এসেছে। ফলে দায়িত্বও বেড়েছে। বিরোধী দলে থাকার সময়ের চেয়ে এখন বেশি দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি পর্যায়ে সবাইকে সহযোগিতা করতে হবে।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, দলের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এখন সরকার পরিচালনার দায়িত্ব শুধু প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলে হবে না। দলের প্রত্যেক নেতা-কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশন থেকে নগরবাসী যাতে যথাযথ নাগরিক সেবা পান, তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের গ্রুপিং বা ভেদাভেদ রাখা যাবে না। দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে।
পরিচ্ছন্নতা, মশক নিধন, বিদ্যুৎ, রাস্তাঘাট, ট্যাক্স ও রাজস্ব—সব খাতেই গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সব ধরনের ভেদাভেদ ভুলে দায়িত্ব পালনের কথাও বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা চান আবদুস সালাম। তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অফিস চলাকালে বা দায়িত্ব পালনের সময় কোনো ধরনের ফাঁকি দেওয়া যাবে না। বরং দলের নেতা-কর্মীদের অন্যদের চেয়ে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
খালেদা জিয়াকে স্মরণ করে আবদুস সালাম বলেন, প্রিয় নেত্রী শারীরিকভাবে তাঁদের মাঝে নেই। তবে তিনি তাঁদের হৃদয়ে আছেন। তাঁকে সব সময় স্মরণ করা হয়।
দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা।