দেশের যেসব পৌরসভায় এখনো বর্জ্য ফেলার নির্ধারিত ডাম্পিং স্টেশন নেই, সেসব এলাকায় ডাম্প ইয়ার্ড নির্মাণে প্রয়োজনীয় খাসজমি বরাদ্দের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে। উপসচিব ড. আশফিকুন নাহার স্বাক্ষরিত চিঠিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৭ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় ১১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, যেসব পৌরসভায় ডাম্পিং স্টেশন নেই, সেসব এলাকার জন্য শহরের কাছাকাছি কিন্তু কম জনবসতিপূর্ণ এলাকায় খাসজমি চিহ্নিত করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, উপযুক্ত খাসজমি চিহ্নিত করে প্রথমে বার্ষিক বন্দোবস্তের মাধ্যমে পৌরসভাকে তা ব্যবহারের সুযোগ দিতে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জমির স্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।
স্থায়ী বরাদ্দ চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট জমি সাময়িকভাবে বর্জ্য ডাম্পিংয়ের কাজে ব্যবহারের অনুমতি দেওয়ার কথাও চিঠিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসকদের জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দিয়েছে।
দেশের ৩৩০টি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও পরিবেশবান্ধব করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।