নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বিকেল ৬টার দিকে ফরিদপুর শহরে সেনাবাহিনীর একটি দল প্রবেশ করে দায়িত্ব গ্রহণ করেছে। লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনা সদস্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবেন।
সেনারা স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তা নিশ্চিত এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে কাজ করবেন।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানিয়েছেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ প্রক্রিয়ার আওতায় এক সপ্তাহের জন্য সেনা মোতায়েন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকারের লক্ষ্য হলো আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা।
ফরিদপুরের এই পদক্ষেপ দেশের ছয়টি জেলায় নেওয়া সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনার অংশ, যার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জও রয়েছে। সেনা মোতায়েনের মাধ্যমে এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ করা হবে।