মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অবস্থায় উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন।
শুক্রবার সকালে কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য নিয়মিত উদ্যোগ নিচ্ছেন।
খোকন তালুকদার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রাণ। তাকে নিয়ে বিরোধী পক্ষের অহেতুক সমালোচনা ও বিতর্ক তৈরি করার চেষ্টা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর। যদি তাঁকে বিতর্কিত করা হয়, আমরা মনে করব আপনারা বাংলাদেশকে বিতর্কিত করছেন এবং বাংলাদেশের শত্রু।”
সভায় উপস্থিত ছিলেন সিডি খান ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলাম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, পৌর বিএনপির সাধারণ কামাল হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা মামুন শিকদারসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।