বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ উদ্যোগের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও জলবিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সম্ভাবনা অনেক বেশি হলেও দেশগুলোর পারস্পরিক বাণিজ্য এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তাই প্রতিবেশী দেশগুলোর মধ্যে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা জরুরি।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশ ও ভুটান উভয় দেশই লাভবান হতে পারে।
ভুটানের রাষ্ট্রদূত জানান, ভৌগোলিক নৈকট্যের কারণে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। তিনি দুই দেশের চলমান সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।