পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর ওপর সাম্প্রতিক হামলা অনুমোদনের খবর সম্পূর্ণ অস্বীকার করেছে ইরাক সরকার। একই সাথে উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আলী আল-জাইদির পরিকল্পিত সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে। সরকারের মুখপাত্র হায়দার আল-আবৌদি জানান, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চালানো এই আগ্রাসনের বিষয়ে বাগদাদকে পূর্বে কোনো তথ্য দেওয়া হয়নি। দেশের ভেতরে নির্দিষ্ট কোনো অবস্থান বা গোষ্ঠীকে লক্ষ্য করে সামরিক অভিযানের কোনো অনুমোদনও ইরাক সরকার দেয়নি।
সৌদি আরবের আনা বিভিন্ন অভিযোগ তদন্তে ইতোমধ্যেই কমিটি গঠন করা হয়েছে বলে জানান আল-আবৌদি। তিনি উল্লেখ করেন, রিয়াদের তোলা অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই সাথে তথ্যের সত্যতা যাচাইয়ের স্বার্থে সৌদিকে তাদের কাছে থাকা প্রাসঙ্গিক সব নিরাপত্তা সংক্রান্ত তথ্য ইরাকের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ইরাকে পিএমএফ সদর দপ্তর লক্ষ্য করে চালানো হামলা বাগদাদের সাথে সরাসরি সমন্বয়ের মাধ্যমেই করা হয়েছে। মার্কিন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সেই বক্তব্যের পরপরই ইরাক সরকারের পক্ষ থেকে এই কড়া প্রতিবাদ জানানো হয়।