আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছিল। পরে এটি পার্শ্ববর্তী লা রিওহা প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।
সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “আমাদের প্রদেশে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি, যেখানে দুর্ভাগ্যবশত সাতজন প্রাণ হারিয়েছেন। আমরা গভীর শোক জানাচ্ছি।”
নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক সুরক্ষা কর্মীরা ছিলেন।
আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্টেওলিভা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “এই গভীর শোকের মুহূর্তে আমি প্রতিটি পরিবার ও তাদের সহকর্মীদের পাশে আছি।”
জরুরি সেবা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর সান হুয়ানের স্থানীয় সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।
লা রিওহা অঞ্চলটি সপ্তাহের শুরু থেকে একাধিক দাবানলের সঙ্গে লড়াই করছে। স্থানীয় দমকল সূত্র জানিয়েছে, মাত্র তিন দিনে শত শত হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে।
সূত্র: এনডিটিভি ও এএফপি