বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়াতে দুই দেশের ব্যবসায়ীরা নতুন উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে মালয়েশিয়ার ক্লাংয়ে বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরামে ব্যবসায়িক সহযোগিতা, যৌথ উদ্যোগ ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ক্লাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিসিআই) সদর দপ্তরে এ ফোরামের আয়োজন করা হয়। সংগঠনটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে ৩৮ সদস্যের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল এতে অংশ নেয়। অনুষ্ঠানে কেসিসিসিআইয়ের সভাপতি দাতো জেফরি তান, এসএমই কর্প মালয়েশিয়ার চেয়ারম্যান দাতো তেং চ্যাং খিম এবং ক্লাংয়ের প্রায় ৪০ জন ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সহযোগিতা এবং নতুন ব্যবসায়িক অংশীদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি মালয়েশিয়ার জন্য বাংলাদেশকে বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন ও প্রযুক্তি সহযোগিতার সম্ভাবনাময় অংশীদার হিসেবে তুলে ধরেন।
ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ এবং জ্যেষ্ঠ সহসভাপতি রাজীব এইচ. চৌধুরী বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুবিধা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও কারিগরি সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তুলে ধরেন।
ফোরামে কেসিসিসিআই ও ডিসিসিআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, ব্যবসায়িক সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
পরে অনুষ্ঠিত ব্যবসায়িক সংযোগ সভায় বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়ীরা নিজ নিজ খাতের আমদানি-রপ্তানি, বিনিয়োগ, যৌথ উদ্যোগ ও ব্যবসায়িক অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময় করেন।
বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলে ড. মুহিব্বুল্লাহ শাহিন, অন্তু করিম, শেখ শহিদুল্লাহ, মো. নুর আলম, শফিকুল ইসলাম কাইজার, নিজামুদ্দিনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।