মশাবাহিত রোগ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারসংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
ডিএসসিসি প্রশাসক মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত লার্ভিসাইডিং ও ফগিংয়ের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান এবং নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
সভায় নগরীর বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি এবং সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
মো. আবদুস সালাম বলেন, শুধু কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং নাগরিকদের সরাসরি সম্পৃক্ততা প্রয়োজন।
তিনি জানান, সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে নাগরিকদের সচেতন করে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, বৃষ্টির পর বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। মশামুক্ত ও সুস্থ নগরী গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।