হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (৪ জুলাই) বিকেলে মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানকালে গোয়াছনগর গ্রামের রজব আলীর ছেলে মো. কুদ্দুস খান (৪৫)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বসতঘরে সিমেন্টের বস্তার মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ২০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ কোডিনজাতীয় ‘এসকাফ’ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার কুদ্দুস খান দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাধবপুরসহ দেশের বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৮টিরও বেশি মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।