রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশের অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের পাশাপাশি বিস্ফোরক তৈরির উপকরণ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে ৫৪ কেজির বেশি গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা, হেরোইন, ফেনসিডিল এবং একটি অবিস্ফোরিত ককটেল।
এ ছাড়া গানপাউডার, পেট্রোল, ককটেলের বিভিন্ন অংশ, পেরেক, টিনের টুকরা, কসটেপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে কয়েকটি ধারালো অস্ত্র, ইয়াবা তৈরির মেশিন, বিভিন্ন রাসায়নিক উপাদান ও মোবাইল ফোনও জব্দ করা হয়।
ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৬ জন এবং তেজগাঁও বিভাগে ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মতিঝিল, ওয়ারী, রমনা, লালবাগ, গুলশান ও উত্তরা বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক গ্রেফতার হয়েছে।
এ সময় ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।