জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোন ও ফোনের যন্ত্রাংশ, জিরা, চিনি, পাতার বিড়ি ও নেশা জাতীয় উইনকেরেক্স সিরাপ সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ফলমোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোন, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কামার বাড়ি নামক স্থান হতে ও কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে ভারতীয় নেশা জাতীয় উইনকেরেক্স কফ সিরাপ এবং কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় জিরা ও উইনকেরেক্স কফ সিরাপ জব্দ করে।
এছাড়া, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তালসারি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ২৭ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।