জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের সক্রিয় নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শনিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্যের দীর্ঘদিনের ভূমিকা ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা জরুরি।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান।
দুই পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক, জনগণের সঙ্গে জনগণের দৃঢ় যোগাযোগ এবং ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে কার্যকর সেতুবন্ধ হিসেবে কাজ করছেন।
এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ও যুক্তরাজ্য উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।