হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও (MS NOW) ও পলিটিকোকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, এসব সংবাদমাধ্যম তাঁর প্রশাসন নিয়ে নিয়মিত ‘ফেক নিউজ’ বা ভুয়া খবর প্রকাশ করছে।
ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট, তাঁর প্রশাসন বা যুক্তরাষ্ট্র নিয়ে সংবাদ প্রকাশের সময় সংবাদমাধ্যমগুলোকে ‘মিথ্যা’ ও ‘মনগড়া’ তথ্য প্রচারের সুযোগ দেওয়া উচিত নয়। একই সঙ্গে আরও কিছু সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্পের ঘোষণাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা বলা হলেও, কীভাবে এটি বাস্তবায়ন করা হবে তা তখনও স্পষ্ট ছিল না। নিষেধাজ্ঞার আওতায় সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশ, প্রেস ব্রিফিং বা প্রেস পুলে অংশ নেওয়া—কোন কোন বিষয় পড়বে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পরও সিএনএনের সাংবাদিকরা হোয়াইট হাউজে কাজ করছিলেন। ফলে নিষেধাজ্ঞাটি বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে ট্রাম্পের এ ঘোষণার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সুরক্ষা রয়েছে।
ট্রাম্পের সঙ্গে মার্কিন সংবাদমাধ্যমগুলোর বিরোধ নতুন নয়। এর আগে তাঁর প্রশাসন অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকদের হোয়াইট হাউজের প্রেস পুল থেকে বাদ দিয়েছিল। সেই ঘটনাও আদালত পর্যন্ত গড়ায়।