বিদ্যুৎ ঘাটতি কমানো ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক-কর ছাড় দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এ ছাড়া নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণ এবং বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়নবিষয়ক চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে অর্থ ও বাণিজ্যসংক্রান্ত এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত সৌরবিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আগাম কর ও অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এতে বিদ্যুৎ ঘাটতি কমানোর পাশাপাশি শিল্প উৎপাদন সচল রাখা, উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি কমানো এবং সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সিগারেটের দাম বাড়ল
অবৈধ বাণিজ্য রোধ ও রাজস্ব ঘাটতি কমাতে নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে। একই সঙ্গে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ড রোল ব্যবহার বিধিমালা-সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে।
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি
বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ‘প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রস্তাবিত চুক্তিটির মেয়াদ হবে ১০ বছর। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যে বিনিয়োগের নিরাপত্তা ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। চুক্তি স্বাক্ষরের তিন বছর পর উভয় পক্ষ এটি সংশোধনের সুযোগ পাবে।
বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের অন্যতম বড় উৎস হংকং। এ চুক্তির ফলে পোশাক ও বস্ত্রসহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর ও শিল্পায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: বাসস