নির্বাচন কমিশন (ইসি) আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, “আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার হলো স্থানীয় সরকার নির্বাচন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের লক্ষ্য এক বছরের মধ্যে ধাপে ধাপে সব নির্বাচন সম্পন্ন করা।”
তিনি জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আইন, বিধি ও নীতিমালা সংশোধন, বাজেট বরাদ্দ, প্রশাসনিক প্রস্তুতি এবং মৌসুমি বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা প্রশাসক সম্মেলনে বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করার চেষ্টা করা হবে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, “স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপে কোন নির্বাচন হবে, তা কর্মপরিকল্পনা চূড়ান্ত হওয়ার পরই বলা যাবে।”
এছাড়া, আইনি সংস্কার ও বিধিমালা পরিবর্তন করতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে এবং জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বিশ্বমানের স্ট্যান্ডার্ড বজায় রাখা হবে।
তিনি আরও বলেন, “বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে নির্বাচন কমিশন যতটা সম্ভব কার্যকর এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।