সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদ অধিবেশনে এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন ও পাস করা হয়।
জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন। পরবর্তীতে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
গঠিত এই বিশেষ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কমিটির অন্য সদস্যরা হলেন— চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল।
এছাড়া কমিটিতে আরও রয়েছেন গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।