স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দেশে ন্যায়বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী এবং বিচার বিভাগকে প্রভাবমুক্ত করতে পারলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে।
রবিবার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে। এর ফলে দেশে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, গণতন্ত্র সঠিকভাবে পরিচালিত হলে রাষ্ট্রের অন্যান্য সমস্যারও সমাধান সম্ভব। এজন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিচার বিভাগকে সব ধরনের প্রভাবমুক্ত রেখে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।
বিএনপির মহাসচিব আরও বলেন, প্রশাসনকে দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে পারলে রাষ্ট্র আরও শক্তিশালী হবে। একই সঙ্গে জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে কার্যকর ও সক্রিয় করা গেলে গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও সুসংহত হবে।
তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।