ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে, শুধুমাত্র হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্মাবলম্বীরাই তফসিলি জাতি (Scheduled Caste) হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। আদালত স্পষ্ট করে বলেন, কেউ যদি খ্রিস্টধর্মসহ অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে এবং সম্পূর্ণভাবে তফসিলি জাতির মর্যাদা হারাবেন।
আন্ধ্র প্রদেশ হাইকোর্টের একটি আদেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট বলেন, কোনো ব্যক্তি একবার খ্রিস্টধর্ম গ্রহণ করে তা অনুসরণ ও পালন শুরু করলে তাকে আর তফসিলি জাতির সদস্য হিসেবে গণ্য করা যাবে না।
বিচারপতি পি. কে. মিশ্র ও মনমোহনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আরও বলেন, খ্রিস্টধর্মে ধর্মান্তরিত কোনো দলিত ব্যক্তি তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (নির্যাতন প্রতিরোধ) আইনের সুরক্ষা দাবি করতে পারবেন না।
আদালত জোর দিয়ে বলেন, এই অবস্থান সংবিধান (তফসিলি জাতি) আদেশ, ১৯৫০-এর অধীনে স্পষ্টভাবে নির্ধারিত। ওই আদেশের ধারা ৩ অনুযায়ী, কেউ যদি হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করেন, তাহলে তার জন্ম যাই হোক না কেন, তিনি আর তফসিলি জাতির সদস্য হিসেবে বিবেচিত হবেন না।