ব্রিকস সম্মেলনকে সামনে রেখে দিল্লির অ্যারোসিটি এলাকার পাঁচতারকা হোটেলগুলোতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই) পরিদর্শনে দুই হোটেলে বেশ কিছু অনিয়ম শনাক্ত করার পর কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
পরিদর্শনে এক হোটেলের কনফেকশনারি সেকশনে ৮৭ কেজি মেয়াদোত্তীর্ণ মিষ্টি পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়। একই হোটেলের খাবার সংরক্ষণ ও প্রস্তুত এলাকার বিভিন্ন স্থানে মাছি ও তেলাপোকার উপস্থিতিও দেখা যায়। মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত পাউরুটি, কেকের বেসসহ অন্যান্য খাদ্যসামগ্রীও পাওয়া গেছে।
রান্নাঘরে নিরামিষ ও আমিষ খাবার আলাদাভাবে সংরক্ষণ ও প্রস্তুতের ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি বলে পরিদর্শনে উঠে এসেছে। একই পানির পাত্রে দুই ধরনের খাবারের কাটিং বোর্ড রাখার ঘটনাও নথিভুক্ত করা হয়েছে।
অন্য হোটেলটিতেও খাদ্য নিরাপত্তা নিয়ে একাধিক সমস্যা পাওয়া যায়। পনির, খোয়া, ছানা ও মসলাজাতীয় প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে উৎপাদকের ঠিকানা না থাকা কিংবা ভুল লাইসেন্স নম্বর ব্যবহারের অভিযোগ রয়েছে। পাশাপাশি হোটেলের বিভিন্ন স্থানে অপরিষ্কার খাদ্য স্পর্শকারী পৃষ্ঠ, না ধোয়া রান্নার পাত্র এবং পোকামাকড়ের উপস্থিতি শনাক্ত করা হয়।
পরিদর্শনে পচা টমেটো ও ছত্রাক আক্রান্ত আপেল দিয়ে খাবার তৈরির অভিযোগও উঠে আসে। অনেক খাবার ঢাকনা ছাড়া রাখা এবং সংরক্ষণের তাপমাত্রা যথাযথভাবে নিয়ন্ত্রণ না করার বিষয়ও নথিভুক্ত হয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনের অতিথিদের থাকার জন্য তালিকাভুক্ত হোটেলগুলোতে এমন অনিয়মের ঘটনায় খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এফএসএসএআই জানিয়েছে, সংগৃহীত খাদ্য নমুনা পরীক্ষার ফলাফল এবং হোটেল কর্তৃপক্ষের সংশোধনী পদক্ষেপ পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।