বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাংকের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেম-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে দেশের চলমান উন্নয়ন কার্যক্রম, অগ্রাধিকারভিত্তিক খাতে সহায়তা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে বিশ্বব্যাংকের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারদের একটি। বিশেষ করে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে দেশের অর্জনকে আরও এগিয়ে নিতে সহযোগিতার পরিধি বিস্তৃত করা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, দেশের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে বিশ্বব্যাংক আগামী দিনগুলোতেও তাদের সমর্থন জারি রাখবে।
এসময় বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেম মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে বিশ্বব্যাংক আশাবাদী বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।