নতুন বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের আরও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে পরিবর্তনের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে এবং সেই প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ইঞ্জিনিয়ার্স ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রায় প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে তাদের আরও সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আইইবি শুধু একটি পেশাজীবী সংগঠন নয়, বরং দেশের উন্নয়ন, পরিকল্পনা ও অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ বারবার সংগ্রাম করেছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) সভাপতিত্ব করেন। বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম (তুলি), মঈনুল ইসলাম খান (শান্ত) ও মো. আশরাফ উদ্দিন (বকুল)।
এসময় প্রকৌশলী, পেশাজীবী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।