প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (বিপিএসসি) সোমবার ‘ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম-২০২৬’ শুরু করেছে। পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
‘শিক্ষায় সবুজ বার্তা, সবুজ বাংলাদেশের পথে নতুন যাত্রা’ স্লোগানে বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। কর্মসূচির মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
দিনব্যাপী কর্মসূচি তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনিসুর রহমান উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং এরপর বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে নানা প্রজাতির গাছ লাগিয়েছি এবং আগামী দিনগুলোতে আরও গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। ক্যাম্পাসের একটি কোণও আমরা অব্যবহৃত রাখতে চাই না। আমাদের লক্ষ্য একটি আরও সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা।”
বার্ষিক এ কর্মসূচিতে শিক্ষার্থীরাও উৎসাহের সঙ্গে অংশ নেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলভি জেভিয়ার রোজারিও বলেন, “আমাদের স্কুলে প্রতি বছর এই কর্মসূচি আয়োজন করা হয়, আর এটি আমার সবচেয়ে প্রিয় কার্যক্রমগুলোর একটি। শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে গাছ লাগাই, ফলে পুরো দিনটি আনন্দময় ও অর্থবহ হয়ে ওঠে।”
কলেজ কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগের লক্ষ্য শুধু ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি নয়; পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা।