প্রায় দুই বছর পর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার নিয়োগ দেওয়া হচ্ছে। এ পদে দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ কূটনীতিক মোহাম্মদ খালেদ।
বর্তমানে তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১৫ জুলাইয়ের পর, অর্থাৎ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তিনি কলকাতায় নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন।
মোহাম্মদ খালেদ বাংলাদেশ ফরেন সার্ভিসের ২৫তম ব্যাচের (বিসিএস পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি মিয়ানমারের ইয়াঙ্গুন, পর্তুগালের লিসবন এবং গ্রিসের এথেন্সে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক, বিমসটেক, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া ও আফ্রিকা এবং ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন উইংয়েও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
শিক্ষাজীবনে তিনি গ্রিসের ন্যাশনাল অ্যান্ড কাপোডিস্ট্রিয়ান ইউনিভার্সিটি অব এথেন্স থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস থেকে বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
১৯৭৯ সালের ১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ খালেদ। তিনি বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে দায়িত্ব পরিচালিত হচ্ছিল। প্রায় দুই বছর পর সেখানে আবারও একজন পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার দায়িত্ব নিতে যাচ্ছেন।