চীনের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন খাতের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর জেডিপিসি মিলনায়তনে আয়োজিত চীন-বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন খাতকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা, প্রযুক্তি ও সক্ষমতার সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্মেলনে চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান পাট ও বস্ত্রমন্ত্রী। তিনি বলেন, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে দেশের বাজারে পাটের দাম বাড়বে। এতে কৃষকেরা পাট চাষে আরও উৎসাহিত হবেন।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়নে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময় করা হবে।
তিনি বলেন, শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও শিল্পের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন খাত আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে।