কক্সবাজার সদর উপজেলার হাজী পাড়া এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৭ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনার ব্যাপারে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল।
ডিএনসি সূত্রমতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম জজ আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় তল্লাশি চালানো হয়। এসময় ওই বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানকালে পুলিশ কর্মকর্তার শ্যালক মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী সাদিয়া ও এক সহযোগীসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে। তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে অবস্থান করছিলেন বলে জানতে পারে ডিএনসি। তবে যে পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালানো হয়েছে তাঁর বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ডিএনসির উপ-পরিচালক সোমেন মন্ডল আরও জানান, উদ্ধার করা ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কীনা, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএনসি কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজারকে মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহার করে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহের চেষ্টা চলে আসছে। মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।