আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বরিশাল মহানগরীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
শুক্রবার সকালে বিএমপি মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার সমন্বয়ে পৃথক পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ আরও তিনজনকে আটক করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, অন্যান্য মামলায় একজন, নিয়মিত মামলায় নয়জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ আরও জানিয়েছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।