ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
রবিবার (১২ জুলাই) আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
বিবৃতিতে আইআরজিসি জানায়, একটি জাহাজ অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ রেখে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিতে অভিযান চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়। তবে জাহাজটির পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আইআরজিসি আরও জানায়, কয়েকটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে এবং পথ পরিবর্তনের নির্দেশনা উপেক্ষা করে।
বিবৃতিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে এই প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এছাড়া নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর জবাব দেওয়ারও সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি।
সূত্র: রয়টার্স