যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তিনি ‘খুবই হতাশ’ হবেন। একই সঙ্গে তিনি দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে বেইজিং তেহরানকে কোনো অস্ত্র দেবে না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান চীনে তৈরি কাঁধে বহনযোগ্য সর্বোচ্চ ৪০০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (ম্যানপ্যাডস) পেতে পারে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘এটা হলে সত্যিই অবাক হওয়ার মতো হবে। প্রেসিডেন্ট শি আমাকে খুব জোর দিয়ে বলেছেন, তিনি এতে অংশ নেবেন না। আর তিনি জানেন, এমন কিছু হলে আমি খুবই হতাশ হব।’
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক গোয়েন্দা মূল্যায়নে বলা হয়, চীন ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও বেইজিং আগেই এমন অভিযোগ অস্বীকার করেছে।
গত সপ্তাহেও ট্রাম্প চীন ও রাশিয়াকে ইরানে অস্ত্র না পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—দুজনই তাকে আশ্বস্ত করেছেন যে তাদের দেশ বর্তমানে ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, চীন ও রাশিয়া ইরানে অস্ত্র পাঠানো থেকে বিরত রয়েছে। তিনি আরও বলেন, যদি তারা ইরানকে অস্ত্র দিত, তবে সেটি তাদের নিজেদের স্বার্থেরও পরিপন্থী হতো।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় তদন্ত চালাচ্ছে ওয়াশিংটন। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, রাশিয়া ও চীনের গোয়েন্দা সংস্থাগুলো হামলার লক্ষ্য নির্ধারণে ইরানকে কোনো ধরনের তথ্য বা সহায়তা দিয়েছে কি না।
ট্রাম্প জানান, মে মাসে বেইজিং সফরের সময় শি চিনপিং তাকে স্পষ্টভাবে বলেছিলেন, কোনো পরিস্থিতিতেই চীন ইরানকে অস্ত্র দেবে না। একই ধরনের আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
সূত্র: রয়টার্স