বর্তমান সরকারের ছয় মাস বা ১৮০ দিনের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি মূল্যায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যালোচনা করা হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য।
তথ্য উপদেষ্টা বলেন, ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে সরকারের অর্জন ও সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাও জানাবেন তিনি।
রেলপথ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এরই ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ১৮০ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় কী ধরনের কাজ করেছে, তা যাচাই করা হচ্ছে। মূল্যায়ন শেষে সরকারের ছয় মাসের সামগ্রিক চিত্র জনগণের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।