পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়ার তথ্য জানিয়েছে। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ড. মিয়ান সাঈদ জানিয়েছেন, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসের পর বেশ কয়েকজন শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। তাদের উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযান দ্রুত শেষ করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন। প্রাদেশিক শিক্ষা বিভাগের সচিব ইনায়াতুল্লাহ ওয়াসিম বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: জিও নিউজ