বিমানের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনায় নতুন করে যুক্ত হচ্ছে ১১টি বোয়িং উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এ বিষয়ে একটি সম্পূরক চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন উড়োজাহাজগুলোর মধ্যে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। চুক্তির পর বোয়িং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
বোয়িং জানিয়েছে, নতুন ১১টি উড়োজাহাজ বিমানের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। ৭৮৭-১০ উড়োজাহাজগুলো বিমানের বিদ্যমান ৭৮৭-৮ ও ৭৮৭-৯ উড়োজাহাজের সঙ্গে যুক্ত হবে। আর ৭৩৭-৮ উড়োজাহাজগুলো একক-আইল বহরের সক্ষমতা বাড়াবে।
নতুন চুক্তির ফলে চলতি বছরে বোয়িংয়ের সঙ্গে বিমানের মোট উড়োজাহাজ ক্রয়ের সংখ্যা দাঁড়াল ২৫। এর আগে এ বছরের এপ্রিল মাসে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বিমান। ওই চুক্তিতে ছিল আটটি ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ।
এদিকে নতুন চুক্তিতে পৌঁছানোয় বোয়িং ও বিমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, “বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তিতে পৌঁছানোয় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই। আজ নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছি।”