জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন না। তাঁর পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জাতিসংঘের উচ্চপর্যায়ের সপ্তাহে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
এবারের অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান। অধিবেশনের মূল প্রতিপাদ্য— ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। এই প্রতিপাদ্যের আওতায় শান্তি, উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক উদ্যোগ নিয়ে আলোচনা হবে।
অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মহামারি প্রস্তুতি ও আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অংশ নিচ্ছেন। অধিবেশনে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবারের জাতিসংঘ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। ফলে বিশ্বনেতাদের অংশগ্রহণে শান্তি, উন্নয়ন, মানবাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।