ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার (১৫ জুন) ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল সেবা জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ায়। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও বহুলাংশে কমে আসে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি আরও বাড়াবে। তিনি গণতন্ত্র, মানবাধিকার এবং আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।