সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে আলোচনার আগেই হরমুজ প্রণালি নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ইরান দাবি করেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবি অস্বীকার করেছে।
শনিবার (২০ জুন) গভীর রাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডের আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ছাড়েন। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলও ইতোমধ্যে সেখানে পৌঁছেছে।
প্রতিনিধি দলে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রয়েছেন।
রবিবার (২১ জুন) থেকে শুরু হওয়া এই আলোচনায় মূলত পারমাণবিক ইস্যু, আঞ্চলিক উত্তেজনা এবং লেবানন যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি আনার চেষ্টা করা হবে।
জেডি ভ্যান্স জানিয়েছেন, আলোচনায় এসব বিষয়ে অগ্রগতি আশা করছেন তিনি।
ইরানের দাবি, লেবাননে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সমঝোতার লঙ্ঘন। এ কারণেই হরমুজ প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তাদের দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত আছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল। এতে আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
তবে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডের বৈঠককে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে।